ফেসবুকের পর টুইটার বন্ধ রাশিয়ায়
ইউক্রেন আক্রমণের দ্বিতীয় দিনে ফেসবুক এবং তৃতীয় দিনে টুইটার ব্যবহার বন্ধ করে দিয়েছে রাশিয়া। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, রাশিয়ানরা এখনও ভিপিএন সংযোগ ব্যবহার করে টুইটারের নাগাল পেলেও সরাসরি সংযোগ মিলছে না।
ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস বলছে, শনিবার সকাল থেকে রোস্টেলকম, এমটিএস, বিলাইন এবং মেগাফনসহ রাশিয়ান প্রধান টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সংযোগ ব্যর্থ বা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত দেখা গেছে।
https://twitter.com/netblocks/status/1497523148362862593
রাশিয়ায় অবস্থানরত সাংবাদিকরা এই টুইটার অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির একজন সাংবাদিক টুইটারের “এক্সেস গুরুতরভাবে সীমাবদ্ধ” হিসাবে বর্ণনা করে লিখেছেন, “এই বার্তাটিই যে দিলাম, এটি যেতেও সময় লেগেছে।”
সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলির ওপর বরাবরই কঠোর অবস্থানে থাকলে রাশিয়ার এই বিধিনিষেধ আরোপের পেছনে কারণ এখনো স্পষ্ট নয়। একইভাবে সেবা ব্লক করা বিষয়ে টুইটারও কোনো বার্তা দেয়নি।
এর আগে ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি, রাষ্ট্রীয় টিভি চ্যানেল জাভেজদা এবং ক্রেমলিনপন্থী দুটি নিউজ পোর্টালের খবরে ‘ফ্যাক্ট চেকার’ ও ‘কনটেন্ট ওয়ার্নিং’ লেভেল লাগিয়ে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের নিরাপত্তাবিষয়ক পলিসি প্রধান নাথানিয়েল গ্লিচার এক টুইট বার্তায় বলেন, ‘বিশ্বের যেকোনো জায়গা থেকে পরিচালিত রাশিয়ার সরকারি মালিকানাধীন সব মিডিয়ার বিজ্ঞাপন চালানো ফেসবুকে বন্ধ করে দেয়া হয়েছে।’
এরপর শুক্রবার রাতে ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ফেইসবুক থেকে দেশটির সরকার পরিচালিত চারটি সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট স্থগিত করাকে পুতিন প্রশাসন “রাশিয়ান নাগরিকদের অধিকার এবং স্বাধীনতার” লঙ্ঘন হিসাবে বর্ণনার পর ওই নিষেধাজ্ঞা আরোপ করে।